হাদিয়ার নামে চাঁদাবাজি করে জামায়াত: রিজভী
DhakaNewsBD24
প্রকাশ: ৩১ মে ২০২৬
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করে বলেছেন, জামায়াতে ইসলামীর মধ্যে ‘গুপ্ত চাঁদাবাজ’ রয়েছে এবং তারা হাদিয়ার নামে চাঁদাবাজি করে। তিনি দাবি করেন, দলটি সরকারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে কুৎসা রটাচ্ছে।
রোববার (৩১ মে) দুপুরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “জামায়াত অতীতে গুপ্ত রাজনীতি করেছে। তাদের দলে গুপ্ত চাঁদাবাজও রয়েছে। হাদিয়ার নামে চাঁদাবাজি করে তারা। নিজেদের অপকর্ম ঢাকতে ধর্মের অপব্যবহার করছে।”
তিনি আরও বলেন, সরকারের বিরুদ্ধে সমালোচনা করতে হলে তা যেন তথ্যভিত্তিক ও গঠনমূলক হয়। মিথ্যাচার ও অপপ্রচার পরিহার করার জন্যও তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
বিএনপির এই নেতা বলেন, “এ দেশের মানুষ ধর্মভীরু, কিন্তু জামায়াতকে পছন্দ করে না। পৃথিবীর ভালো সংস্কৃতির দর্শন গ্রহণ করা যায়, তবে দেশের সংস্কৃতি ও মূল্যবোধ ধ্বংস করে এমন সংস্কৃতির বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।”
অনুষ্ঠানে জাসাসের নেতাকর্মী ও বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

