আগামী নির্বাচন বানচাল হলে দেশ ভয়াবহ বিপর্যয়ে পড়বে : লালদিঘির জনসভায় বক্তারা
Dhakanewsbd24 | নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর ২০২৫
দেশের চলমান রাজনৈতিক সংকটের শান্তিপূর্ণ সমাধান না হলে বা কোনো পক্ষের অপকৌশলে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল হলে পুরো দেশই ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে—এমন কঠোর সতর্কবার্তা দিয়েছেন বৃহত্তর সুন্নি জোটের নেতারা।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদিঘি ময়দানে বৃহত্তর সুন্নি জোট চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক জনসভায় তারা এ বক্তব্য দেন। জনসভায় জোটের পক্ষ থেকে ১৩ দফা দাবি ঘোষণা করা হয়।
সভায় অতিথি ছিলেন—বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) কেন্দ্রীয় চেয়ারম্যান মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদি এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মতিন।
—
“মানুষ আজ ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়”
মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেন,
“বাংলাদেশের মানুষ আজ ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়। গত ১৫ মাসে মব গণপিটুনি, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হেনস্তা, মাজারে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট—এসব ঘটনা ভয়ংকরভাবে বেড়েছে। বিভিন্ন স্থানে মসজিদে হামলা, ইমাম-খতিবদের জোর করে বের করে দেওয়া, কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা—এসব অমানবিক ঘটনাও ঘটেছে। এমনকি বিচারকেরাও নিরাপদ নন। মানুষ এসবের মুক্তি চায়।”
—
“গণঅভ্যুত্থানের স্বপ্ন এখনও অধরা”
মাওলানা এম এ মতিন বলেন,
“চব্বিশের গণঅভ্যুত্থানে আমরা যে স্বপ্ন দেখেছিলাম, তা এখনো অধরা। দুর্নীতি, খুন-সন্ত্রাস আগের চাইতে আরও বেড়েছে। সরকারের কিছু উপদেষ্টার দলঘেঁষা আচরণ সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সরকার যদি দেশের মানুষের প্রত্যাশাকে অগ্রাধিকার দিত, তাহলে পরিস্থিতি এত জটিল হতো না।”
—
“শত শত কারখানা বন্ধ, লাখো মানুষ বেকার”
মাওলানা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদি বলেন,
“দেশে কোটি তরুণ আজ বেকার। গত সোয়া এক বছরে শত শত মিল-কারখানা বন্ধ হয়ে লাখ লাখ মানুষ কর্মহীন হয়েছে। অথচ সরকারের দৃষ্টিই নেই এই সংকটের দিকে। এখন এমন সময় চলছে, যখন কবরের লাশও নিরাপদ নয়—এমন ঘটনা অতীতেও কখনো দেখা যায়নি।”

