আপনার মতো একদিনে এনআইডির ব্যবস্থা করবেন কিনা—প্রশ্নে যা বললেন তারেক রহমান
DhakaNewsBD24
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে তরুণদের সঙ্গে আয়োজিত ‘ইয়ুথ পলিসি টক’ অনুষ্ঠানে অংশ নিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত প্রশ্নের জবাব দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রোববার সকালে চট্টগ্রামের র্যাডিসন ব্লু বে ভিউ হোটেলের মেজবান হলে অনুষ্ঠিত ‘ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ অনুষ্ঠানে এক শিক্ষার্থী প্রশ্ন করেন— বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের মতো একদিনে এনআইডির ব্যবস্থা করা যাবে কি না।
প্রশ্নকারী মাহমুদুল হাসান বলেন, জন্মসনদ, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট করতে সাধারণ মানুষের নানা ভোগান্তি পোহাতে হয়। ভুল সংশোধনের পেছনেই অনেকের জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট হচ্ছে। এমনকি এনআইডির ছবির কারণে বিদেশে গিয়ে বিব্রতকর পরিস্থিতিরও মুখে পড়তে হয় বলে তিনি উল্লেখ করেন।
জবাবে তারেক রহমান বলেন, “আমি স্বীকার করছি, আমার ক্ষেত্রে কাজটা তুলনামূলকভাবে সহজ হয়েছে। কিন্তু সবার জন্য যদি এই প্রক্রিয়া সহজ করতে হয়, তাহলে পুরো ব্যবস্থাটাকে ডিজিটালাইজ করতে হবে। যত বেশি ডিজিটাল করা যাবে, তত বেশি ঘরে বসেই কাজ সম্পন্ন করা সম্ভব হবে।”
তিনি বলেন, “পুরো সিস্টেমে সংশোধন আনতে হবে। অনেক মানুষকে অযথা দুর্ভোগ পোহাতে হয়। ডিজিটালাইজেশন হলে এসব সমস্যা অনেকটাই কমে যাবে।”
এ সময় নিজের এনআইডি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হওয়া রসিকতার কথাও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে আরেক শিক্ষার্থী চাঁদাবাজি বন্ধে বিএনপির পরিকল্পনা জানতে চাইলে তারেক রহমান বলেন, বিএনপি বিষয়টিকে দুইভাবে দেখে— একটি হলো পেশাদার অপরাধী, আরেকটি মৌসুমি অপরাধী।
তিনি বলেন, “সরকার যদি প্রশাসনকে স্পষ্ট বার্তা দেয় যে সন্ত্রাস ও দুর্নীতি কোনোভাবেই সহ্য করা হবে না, তাহলেই অন্তত ৩০ শতাংশ অপরাধ ও দুর্নীতি কমে যাবে। বাকিটা প্রশাসনিকভাবে মোকাবিলা করা সম্ভব।”
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারী-পুরুষ নির্বিশেষে সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে তরুণ শিক্ষার্থী, উদ্যোক্তা এবং বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

