আমাদের কাছে যে অস্ত্র আছে—তা দিয়ে গোটা বিশ্ব চালাতে পারবো: জামায়াত প্রার্থী
DhakaNewsBD24
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬
ঠাকুরগাঁও-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মিজানুর রহমান বলেছেন, “জামায়াতে ইসলামী দেশ পরিচালনা করতে পারবে না—এ কথা যারা বলে, তারা মূর্খের মতো কথা বলে। আমরা শুধু বাংলাদেশ নয়, আমাদের কাছে যে অস্ত্র আছে, তা দিয়ে গোটা বিশ্ব চালাতে পারবো।”
বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাতিহার বাজারে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিপক্ষ বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, “তোমাদের আদর্শ কী, তোমরা কী করতে চাও? তোমরা সংস্কার চেয়েছো, আমরা করেছি। আমাদের পোস্টার ছিঁড়ে ফেলছো—এটা আমাদের দুর্বলতা নয়; আমরা সহ্য করছি, কিছু বলছি না। কিন্তু পোস্টার ছিঁড়ে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না। মানুষের অন্তর থেকে আমাদের প্রতীক মুছে ফেলা যাবে না।”
তিনি আরও অভিযোগ করেন, “তাদের আদর্শ দুর্নীতি ও দখলদারিত্ব। নিজেদের কর্মীদের ওপরও হামলা চালানো তাদের রাজনীতি। মা-বোনদের ভয় দেখিয়ে ভোট নেওয়া যাবে না।”
মিজানুর রহমান বলেন, “আমি যে আদর্শ ধারণ করি, তা নবী-রাসুলের আদর্শ। ঢাকায় আমাদের সমাবেশে লাখো মানুষের ঢল নেমেছিল, কোনো বিশৃঙ্খলা হয়নি। বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জানতে হলে তাদের আদর্শ ও সংগঠনকে বুঝতে হবে। রাজনীতি শিখে তারপর মানুষের কাছে ভোট চাইতে হবে।”

