ওসমান হাদিকে ৩০টি নম্বর থেকে হুমকি, সর্বক্ষণ নজরদারিতে থাকার অভিযোগ
Dhakanewsbd24 | ঢাকা
প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৫
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে প্রার্থিতার ঘোষণা দেওয়া শরিফ ওসমান হাদি দাবি করেছেন—দেশি-বিদেশি অন্তত ৩০টি অজানা নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে এসব হুমকি পান বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেন,
“গত তিন ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। যার সারসংক্ষেপ হলো—আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা বলেছে আমার বাড়িতে আগুন দেবে, আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে।”
তিনি আরও দাবি করেন,
“১৭ তারিখ খুনি হাসিনার রায় হবে। ১৪০০ শহীদের রক্তের ঋণ মেটাতে শুধু আমার বাড়ি-ঘর নয়, আমাকে জ্বালিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে। ইনসাফের এই লড়াই থেকে আমি এক চুলও নড়ব না, ইনশাআল্লাহ।”
তার ভাষ্য অনুযায়ী, এক আবরার হত্যার ঘটনা দেশে হাজারো আবরারকে জাগিয়ে তুলেছে। “এক হাদিকে হত্যা করা হলে তাওহীদের এই জমিনে আল্লাহ লক্ষ হাদি তৈরি করে দেবেন,”—ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
পোস্টে তিনি আরও লেখেন,
“স্বাধীনতার এই ক্রুদ্ধ স্বরকে রুদ্ধ করা যাবে না। লড়াইয়ের ময়দানে আমি আমার আল্লাহর কাছে আরও সাহস চাই। শহীদি মৃত্যু আমার কামনা। আমার পরিবার ও সহযোদ্ধাদের আল্লাহর কুদরতি কদমে সোপর্দ করলাম। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের লড়াই চলবে।”

