কুকুর হারানোয় থানায় জিডি, শহরজুড়ে মাইকিং
Dhakanewsbd24 ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫
কিশোরগঞ্জ শহরে ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। আলোর মেলা এলাকার বাসিন্দা অনুকূল কান্তি তরফদার তাঁর প্রিয় পোষা কুকুর ‘কালু’ হারানোর পর শুধু থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেই থেমে থাকেননি, বরং শহর ও শহরতলির বিভিন্ন এলাকায় মাইকিং করিয়ে কুকুরটির সন্ধান করছেন।
অনুকূল কান্তি তরফদার জানান, কালু দেশীয় জাতের একটি কুকুর। তার গায়ের রঙ পুরোপুরি কালো, তবে গলায় সাদা পশমের একটি বৃত্ত রয়েছে। হারানোর সময় কুকুরটির গলায় ছিল একটি বেল্ট। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে হাঁটার সময় হঠাৎ করেই কালু নিখোঁজ হয়ে যায়।
অনুকূল কান্তি আবেগাপ্লুত হয়ে বলেন, “কালু শুধু একটি কুকুর নয়, সে আমাদের পরিবারের একজন সদস্য। গত চার বছর ধরে আমি তাকে নিজের সন্তানের মতোই লালনপালন করে আসছি। প্রতিদিন সকালে ও বিকেলে আমরা একসঙ্গে হাঁটতাম। হঠাৎ তাকে খুঁজে না পাওয়ায় পুরো পরিবার দুশ্চিন্তায় রয়েছে।”
তিনি আরও জানান, কুকুরটি হয়তো পথ হারিয়ে ফেলেছে অথবা কোনো বাড়িতে আশ্রয় নিয়েছে। এ কারণে থানায় জিডি করার পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় মাইকিংয়ের মাধ্যমে খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে। কেউ যদি কালুর সন্ধান পান, তাহলে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, অনুকূল কান্তি তরফদার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং কুকুরটি উদ্ধারে পুলিশের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।

