খালেদা জিয়ার জন্য প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স’
Dhakanewsbd24
প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে স্থানান্তরের জন্য এয়ার অ্যাম্বুলেন্সসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। তিনি বলেন, শারীরিক অবস্থা অনুকূল হলেই খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে। দেশের বাইরের বিভিন্ন উন্নত হাসপাতালে যোগাযোগ রাখা হয়েছে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা প্রস্তুত রয়েছে। বর্তমানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।
বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। তিনি দেশবাসীর কাছে তার রোগমুক্তি কামনায় দোয়া চেয়েছেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও শুক্রবার উদ্বেগ জানিয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন।
দেশের একজন সংকটাপন্ন রাজনৈতিক নেত্রী হিসেবে খালেদা জিয়ার অবস্থার খবর জানতে রাতভর উদ্বেগে ছিলেন সাধারণ মানুষ। শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার নির্দেশে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও বিশেষ সহকারী মনির হায়দার হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
উল্লেখ্য, প্রায় ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, লিভার সিরোসিস, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৭ নভেম্বর নিউমোনিয়ার সংক্রমণ বাড়ার আশঙ্কায় তাকে সিসিইউতে নেওয়া হয়। বয়সজনিত কারণে সুস্থ হতে সময় লাগছে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের এক সদস্য।
তার চিকিৎসা সংক্রান্ত আলোচনায় লন্ডন থেকে ডা. জুবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতালের বিশেষজ্ঞরাও ভার্চুয়ালি অংশ নিচ্ছেন।

