ঢাকাসোমবার , ২৫ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

জাতিসংঘে একই দিনে ভাষণ দেবেন ইউনূস-শেহবাজ-মোদি

admin
আগস্ট ২৫, ২০২৫ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

জাতিসংঘে একই দিনে ভাষণ দেবেন ইউনূস-শেহবাজ-মোদি

অনলাইন ডেস্ক | Dhakanewsbd24
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৫

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে একই দিনে ভাষণ দেবেন বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২৬ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিতব্য এ অধিবেশনে তারা বক্তব্য রাখবেন। সোমবার (২৫ আগস্ট) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটির তথ্যমতে, গত মে মাসে ভারত-পাকিস্তানের মধ্যে চারদিনের উত্তেজনা দক্ষিণ এশিয়াকে পারমাণবিক সংঘাতের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। সেই ঘটনার পর এবারই প্রথম দুই দেশের প্রধানমন্ত্রী একই দিনে জাতিসংঘ সাধারণ পরিষদের মঞ্চে উঠছেন।

জাতিসংঘ কর্মকর্তাদের প্রকাশিত প্রাথমিক সূচি অনুযায়ী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকালে বক্তব্য রাখবেন। তার পরপরই বিকেলে বক্তব্য রাখবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এতে ইসলামাবাদের হাতে দিল্লির বক্তব্যের সরাসরি জবাব দেওয়ার কৌশলগত সুযোগ তৈরি হবে।

শেহবাজ শরিফের নেতৃত্বে পাকিস্তানের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলে থাকবেন উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তারিক ফাতেমি।

অন্যদিকে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসও ওই দিন বিকেলে বক্তব্য রাখবেন। একই দিনে ইসরায়েল ও চীনের প্রতিনিধিরাও ভাষণ দেবেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে ৯ সেপ্টেম্বর। তবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক চলবে ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। প্রচলিত নিয়ম অনুযায়ী প্রথম দিন বক্তব্য রাখবে ব্রাজিল, এরপর যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দ্বিতীয় মেয়াদের প্রথম ভাষণ দেবেন জাতিসংঘ মঞ্চে।

এ বছরের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “একসাথে ভালো: শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের পথে ৮০ বছর ও আরও বেশি।”

বিশ্লেষকদের মতে, মোদি ও শেহবাজের ভাষণ দক্ষিণ এশিয়ার উত্তেজনা ও কাশ্মির ইস্যুতে দুই দেশের অবস্থানের পার্থক্য স্পষ্ট করে তুলবে। ভারত সার্বভৌমত্ব ও নিরাপত্তা বিষয়কে গুরুত্ব দেবে, আর পাকিস্তান মূলত কাশ্মির ও আঞ্চলিক শান্তির প্রসঙ্গ তুলবে বলে ধারণা করা হচ্ছে।

পর্যবেক্ষকরা মনে করছেন, গাজায় ইসরায়েলের যুদ্ধ, ইউক্রেন সংঘাত এবং সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে এবারের জাতিসংঘ অধিবেশন সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ব্যস্ত কূটনৈতিক মৌসুম হয়ে উঠবে।