বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান
Dhakanewsbd24
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬
যুদ্ধজনিত উত্তেজনার কারণে প্রায় ৪০ দিন আটকে থাকার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ সৌদি আরবের একটি বন্দর ত্যাগ করে গত বুধবার। তবে প্রায় ৪০ ঘণ্টা যাত্রা শেষে আজ শুক্রবার হরমুজ প্রণালির কাছাকাছি পৌঁছালেও জাহাজটিকে পার হওয়ার অনুমতি দিচ্ছে না ইরান।
জানা গেছে, শুক্রবার সকালে ইরান সরকারের কাছে প্রণালি অতিক্রমের অনুমতি চাওয়া হলে তেহরান তা প্রত্যাখ্যান করে। একই সঙ্গে জাহাজটিকে ঘুরিয়ে নিরাপদ স্থানে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, ইরান সরকারের নির্দেশনা মেনে প্রণালি পার হওয়ার জন্য আবেদন করা হয়েছিল, কিন্তু তা অনুমোদন পায়নি।
তিনি আরও জানান, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে অনুমতি পাওয়ার চেষ্টা চলছে। বর্তমানে বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালির নিকটবর্তী এলাকায় অবস্থান করছে।
পরিস্থিতি বিবেচনায় জাহাজটিকে আপাতত সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বন্দরের দিকে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জাহাজে থাকা ৩১ জন নাবিকের জন্য পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি।

