ইরান এমন যুদ্ধবিরতি চায় না, যা শত্রুদের পুনরায় হামলার সুযোগ দেবে
DhakaNewsBD24
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬
ইরান এমন কোনো যুদ্ধবিরতি চায় না, যার ফলে শত্রুপক্ষ আবারও হামলার সুযোগ পায়—এ কথা জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি। তিনি বলেন, তেহরান একটি স্থায়ী সমাধান চায়।
শুক্রবার (১০ এপ্রিল) তেহরানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, “ইসলামাবাদে ইরানের প্রস্তাবিত ১০ দফা ভিত্তিক আলোচনায় সব পক্ষ নীতিগতভাবে সম্মত হয়েছে।”
তিনি আরও বলেন, “ইরান সবসময় কূটনীতি ও সংলাপকে স্বাগত জানায়। তবে এমন সংলাপ নয়, যা ভ্রান্ত তথ্যের ওপর দাঁড়িয়ে শত্রুদের ভবিষ্যৎ হামলার পথ প্রশস্ত করে।”
রাভেনচি জোর দিয়ে বলেন, “আমরা এমন যুদ্ধবিরতি চাই না, যা আগ্রাসনকারীদের পুনরায় হামলার সুযোগ করে দেয়। আমরা আমাদের মিত্রদের স্পষ্ট করে জানিয়েছি—যথাযথ গ্যারান্টি ছাড়া এ পরিস্থিতির পুনরাবৃত্তি মেনে নেওয়া হবে না।”
ইসলামাবাদে ইরানের প্রতিনিধি দল
এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে সম্ভাব্য আলোচনায় অংশ নিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে ইরানের একটি প্রতিনিধি দল। শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।
প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের।
তবে আলোচনাটি আদৌ হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর মূল কারণ লেবানন ইস্যু।
লেবানন নিয়ে দ্বন্দ্ব
গত বুধবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার সময় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, এই যুদ্ধবিরতির আওতায় লেবাননও অন্তর্ভুক্ত থাকবে।
তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কয়েক ঘণ্টার মধ্যেই জানান, লেবানন এই চুক্তির অংশ নয়। এরপর দেশটিতে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এসব হামলায় দুই শতাধিক মানুষ নিহত এবং প্রায় ১,২০০ জন আহত হয়েছেন।
বর্তমানে ইরান শর্ত দিয়েছে—যুক্তরাষ্ট্র যদি সংলাপ চায়, তবে আগে লেবাননে হামলা বন্ধ করতে হবে। তবে এখন পর্যন্ত এই শর্ত মানেনি ইসরায়েল, ফলে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।
এর মধ্যে ইসরায়েলি সংবাদমাধ্যম কান জানিয়েছে, ইরান ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ স্থগিত করেছে।
প্রতিবেদন অনুযায়ী, তেহরান চায় চলমান যুদ্ধবিরতির আওতায় লেবাননকেও অন্তর্ভুক্ত করা হোক।

