জেলহত্যা দিবস আজ
জাতির ইতিহাসে কলঙ্কময় অধ্যায়—১৯৭৫ সালের এই দিনে নিহত হন জাতীয় চার নেতা
Dhakanewsbd24
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫
আজ ঐতিহাসিক জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় নির্মমভাবে হত্যা করা হয় মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে। জাতির ইতিহাসে এ দিনটি চিরবেদনাময় ও কলঙ্কময় এক অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে আছে।
১৯৭৫ সালের ২২ আগস্ট খন্দকার মোশতাকের সরকার এই চার জাতীয় নেতাকে গ্রেফতার করে ঢাকার কেন্দ্রীয় কারাগারে পাঠায়। ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর, ষড়যন্ত্র ও ক্ষমতার পালাবদলের ধারাবাহিকতায় ওই বছরের ৩ নভেম্বর কারাগারের ভেতরেই রাতের আঁধারে হত্যা করা হয় তাদের।
এই ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলাটি পরিচিত ‘জেলহত্যা মামলা’ নামে। আদালতের রায়ে তিনজনকে মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে সাজাপ্রাপ্তদের অধিকাংশই দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের একজন ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ ২০২০ সালে দেশে ফেরার পর গ্রেপ্তার হন। বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই আসামির ফাঁসি একই বছরের এপ্রিলে কার্যকর হয়।
জানা যায়, জাতীয় চার নেতাকে হত্যার ঘটনায় ১৯৭৫ সালের ৪ নভেম্বর তৎকালীন কারা উপমহাপরিদর্শক কাজী আবদুল আউয়াল লালবাগ থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত বন্ধ ছিল দীর্ঘ ২১ বছর। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার পর মামলাটির কার্যক্রম পুনরায় শুরু হয়। অবশেষে ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকার মহানগর দায়রা জজ আদালত মামলার রায় ঘোষণা করেন।

