ঢাকায় ১৩০ কোটি টাকার কোকেনসহ বিদেশি আটক
Dhakanewsbd24
২৬ আগস্ট ২০২৫
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১৩০ কোটি টাকা মূল্যের আট কেজির বেশি কোকেনসহ এক বিদেশি নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপপরিচালক সোনিয়া আক্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার গভীর রাতে গায়ানার নাগরিক ক্যারেন পেটুলা স্টাফলকে আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত আড়াইটার দিকে দোহা থেকে ঢাকায় আসা কাতার এয়ারওয়েজের কিউআর-৬৩৮ ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে নামেন তিনি। আগে থেকেই তথ্যপ্রাপ্ত কর্মকর্তারা বিমানবন্দরে অবস্থান করছিলেন। বিমান থেকে নামার পর যাত্রীর পরিচয় নিশ্চিত করে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর তার লাগেজ স্ক্যানিং করা হয়। এসময় ব্যাগেজে মাদকদ্রব্যের উপস্থিতি ধরা পড়ে।
পরবর্তীতে তার ব্যাগ থেকে প্লাস্টিকের তিনটি জার উদ্ধার করা হয়। প্রতিটি জারে ফয়েল পেপারে মোড়ানো ২২টি ডিম্বাকৃতির প্যাকেটে কোকেন পাওয়া যায়। উদ্ধার হওয়া কোকেনের ওজন আট কেজি ৬৬০ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তর জানিয়েছে, আটককৃত যাত্রীকে আইনানুগ প্রক্রিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

