তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান
স্টাফ রিপোর্টার | Dhakanewsbd24
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬
রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ২টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমীন।
তিনি জানান, বিএনপির উদ্যোগে আয়োজিত ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে একান্ত আলাপের লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে— ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’।
মাহাদী আমীন বলেন, এ অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও অংশ নেবেন। তিনি সম্প্রতি বাংলাদেশের নীতিনির্ধারণ সংক্রান্ত কর্মসূচিতে যুক্ত হয়ে তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষা তুলে ধরেছেন, যা দেশজুড়ে প্রশংসিত হয়েছে।
তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ গঠনে জনগণের ভাবনা ও প্রস্তাব যুক্ত করার উদ্দেশ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ ১১টি বিষয়ে এক মিনিটের রিল তৈরির প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় আড়াই হাজার তরুণ অংশ নেন। জনমতের ৩০ শতাংশ এবং জুরি বোর্ডের ৭০ শতাংশ মূল্যায়নের ভিত্তিতে ১০ জনকে বিজয়ী নির্বাচিত করা হয়। এই বিজয়ীরা তারেক রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ পাচ্ছেন।
এদিকে নির্বাচনকে স্বচ্ছ ও নাগরিকবান্ধব করতে বিএনপির পক্ষ থেকে ইলেকশন হটলাইন ১৬৫৪৩ এবং হোয়াটসঅ্যাপ হটলাইন +৮৮০১৮০৬-৯৭৭৫৭৭ আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে বলেও জানান মাহাদী আমীন। এই হটলাইনের মাধ্যমে নির্বাচনসংক্রান্ত আইন, বিধিমালা সম্পর্কে তথ্য দেওয়ার পাশাপাশি ভোটারদের অভিযোগ ও মতামত গ্রহণ করা হচ্ছে। ইতোমধ্যে বহু নাগরিক এই সেবার মাধ্যমে উপকৃত হয়েছেন বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি সতর্ক করে বলেন, একটি প্রতারক চক্র ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়ার নামে টাকা দাবি করছে। তিনি স্পষ্ট করে জানান, বিএনপি ক্ষমতায় গেলে এই কার্ডগুলো সম্পূর্ণ বিনামূল্যে এবং প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে দেওয়া হবে। এ বিষয়ে কোনো প্রতারণার শিকার হলে সংশ্লিষ্টদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিএনপিকে অবহিত করার আহ্বান জানান তিনি।

