তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর, বিএনপির আনুষ্ঠানিক ঘোষণা
Dhakanewsbd24 | প্রকাশিত: … ডিসেম্বর ২০২৫
২০০৭ সালের জানুয়ারিতে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়ে ১৮ মাস কারাভোগের পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২০০৮ সালে মুক্তি পাওয়ার পর চিকিৎসার উদ্দেশে ১১ সেপ্টেম্বর তিনি পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
বিএনপি দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিল যে আওয়ামী লীগ সরকারের “মিথ্যা মামলা ও বাধার” কারণেই তারেক রহমান দেশে ফিরতে পারছেন না। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরও তিনি তাৎক্ষণিকভাবে দেশে না ফেরায় নানা প্রশ্ন ও কৌতূহল আরও জোরদার হচ্ছিল।
অবশেষে শুক্রবার রাতের সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন— তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন।
মির্জা ফখরুল জানান, লন্ডনে এক বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যে আলোচনায় সিদ্ধান্ত হয়েছিল যে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যভাগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন,
“ফলে নির্বাচন উপলক্ষ্যে আমাদের যতটুকু শঙ্কা ছিল, তা দূর হয়েছে। গতকাল নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনের যে রেল চলতে শুরু করেছে, যে আশা-প্রত্যাশা সৃষ্টি হয়েছে— তা বাস্তবায়িত হতে যাচ্ছে।”

