দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
Dhakanewsbd24
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬
সরকার তিন দাবি মেনে নিলে ঢাকা শহরে আর কোনো ককটেল ফুটবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, আওয়ামী লীগকে (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) বাদ দেওয়া, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার—এই তিন দাবিতে তারা রাজপথে আছেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “সরকার তো এই দাবিগুলো মানছে না। দাবিগুলো মানলে তো ককটেল আর ফুটবে না ঢাকা শহরে।”
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির মিছিল শেষে নেভি গলিতে দাঁড়িয়ে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তার বক্তব্যের ব্যাখ্যায় বলা হয়, তাদের দাবি মানলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে এবং দলটির কর্মীদের ককটেল বিস্ফোরণের মতো কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ থাকবে না—এমন বক্তব্যই তিনি বোঝাতে চেয়েছেন।
তিনি আরও বলেন, “গতকালও দুটি মিছিল হয়েছে। আওয়ামী লীগকে (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) বাংলাদেশে বাদ দিতে হলে সংস্কার দরকার। ১১ দলীয় জোট এটাই তো বলে আসছে।”
১১ দলীয় জোট আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মিছিল করে না—এমন অভিযোগের বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “এটা সত্য নয়।”

