দুই সাংবাদিকসহ আলজাজিরার ৫ জনকে হত্যা করেছে ইসরায়েল
গাজা সিটিতে আল-শিফা হাসপাতালের বাইরে স্থাপিত আলজাজিরার মিডিয়া টেন্টে লক্ষ্যভিত্তিক হামলা চালিয়ে পাঁচ সংবাদকর্মীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নিহতদের মধ্যে রয়েছেন আলজাজিরার সাংবাদিক আনাস আল-শরিফ ও মোহাম্মদ কুরেইকেহ। খবর আলজাজিরার।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে দাবি করেছে, আনাস আল-শরিফ নাকি হামাসের সশস্ত্র শাখার একটি ইউনিটের নেতৃত্ব দিচ্ছিলেন। তবে আলজাজিরা ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই অভিযোগকে ‘ভিত্তিহীন ও মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে।
এই হামলায় আরও প্রাণ হারিয়েছেন আলজাজিরার ক্যামেরাপারসন ইব্রাহিম জাহের, মোয়ামেন আলিওয়া এবং সহকারী মোহাম্মদ নৌফাল।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গাজায় চলমান যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৬১ হাজার ৪৩০ জন নিহত এবং ১ লাখ ৫৩ হাজার ২১৩ জন আহত হয়েছেন। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে প্রায় ১ হাজার ১৩৯ জন নিহত এবং ২০০-র বেশি মানুষকে বন্দি করা হয়েছিল।

