নাগরিক শোকসভায় উপস্থিত থাকবেন তারেক রহমান
Dhakanewsbd24
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হবে শুক্রবার। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বেলা আড়াইটায় শুরু হওয়া এ শোকসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সব সদস্য উপস্থিত থাকবেন।
বৃহস্পতিবার কৃষিবিদ ইনস্টিটিউটের থ্রিডি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আয়োজিত নাগরিক শোকসভায় তাঁর পরিবারের সব সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তাঁরা উপস্থিত থাকার বিষয়ে সম্মতি দিয়েছেন। শোকসভায় সভাপতিত্ব করবেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন। এতে দেশের বিশিষ্ট নাগরিক, টেলিভিশন ব্যক্তিত্ব, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি–পেশার প্রতিনিধিরা অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, সাংবাদিক আশরাফ কায়সারসহ অনেকে।

