বাংলাদেশে আসছেন ডা. জাকির নায়েক, ভারতের হাতে তুলে দেওয়ার দাবি
Dhakanewsbd24
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫
বিশিষ্ট ইসলামী বক্তা ও তুলনামূলক ধর্মতত্ত্ববিদ ডা. জাকির নায়েক আগামী নভেম্বরে ঢাকায় আসছেন। তার বাংলাদেশ সফরের খবরে প্রতিবেশী দেশ ভারতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানায়, বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন,
“জাকির নায়েক একজন পলাতক আসামি। তিনি ভারতে ওয়ান্টেড। তাই আমরা আশা করি, তিনি যেখানেই যান না কেন, সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে।”
২০১৬ সালের আগে পর্যন্ত জাকির নায়েক ভারতে অবস্থান করছিলেন। আন্তর্জাতিক ইসলামিক আলোচক হিসেবে তিনি ব্যাপক খ্যাতি অর্জন করেন। কিন্তু নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তার বিরুদ্ধে ‘ঘৃণামূলক বক্তব্য প্রচার’ ও ‘অর্থ পাচার’-এর অভিযোগে মামলা হয়। একই সময়ে তার পরিচালিত ‘পিস টিভি’র সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়।
পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ২০১৬ সালে তিনি ভারত ত্যাগ করে মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। পরে সেখানে তিনি স্থায়ী আবাসনের অনুমতিও পান।
ভারতে ফেরার বিষয়ে জাকির নায়েক বহুবার বলেছেন,
“ন্যায়বিচারের নিশ্চয়তা না পেলে আমি ভারতে ফিরব না।”
জানা গেছে, ডা. জাকির নায়েক আগামী ২৮ ও ২৯ নভেম্বর ঢাকায় একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে আসবেন। স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট আয়োজিত এই অনুষ্ঠানের স্থান হিসেবে আগারগাঁও এলাকা বিবেচনায় রয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালের হলি আর্টিজান হামলার পর বাংলাদেশ সরকার তার দেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তখন খবর এসেছিল, হামলাকারীদের মধ্যে দুজন জাকির নায়েকের বক্তৃতা থেকে অনুপ্রাণিত ছিল। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর তার ওপর থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ভারতের দৃষ্টিতে জাকির নায়েক এখনো পলাতক আসামি। তাই দেশটি চাইছে, তিনি বাংলাদেশে এলে তাকে ভারতের হাতে তুলে দেওয়া হোক। অন্যদিকে, ভারতের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে সেদেশে অবস্থান করছেন এবং বাংলাদেশ সরকার তাকে ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েও এখনো কোনো সাড়া পায়নি।

