ঢাকাশুক্রবার , ১৫ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ

admin
আগস্ট ১৫, ২০২৫ ৫:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক
Dhakanewsbd24

আজ (শুক্রবার) বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। বাবা ইস্কান্দার মজুমদার ও মা তৈয়বা মজুমদারের তৃতীয় সন্তান খালেদা জিয়ার শৈশব-কৈশোর কেটেছে দিনাজপুরে।

১৯৬০ সালের আগস্টে সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। দুই সন্তানের জননী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছোট ছেলে আরাফাত রহমান কোকো ২০১৫ সালে মারা যান।

স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে নিহত হওয়ার পর বিএনপির রাজনীতিতে যোগ দেন খালেদা জিয়া। ১৯৮২ সালের ২ জানুয়ারি তিনি দলের প্রাথমিক সদস্যপদ নেন। দীর্ঘ আন্দোলনের পর ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন এবং তিন দফা এ পদে দায়িত্ব পালন করেন।

ওয়ান-ইলেভেনের সময় এবং পরবর্তী সময়ে একাধিকবার কারাবন্দি হন তিনি। ২০২০ সালের মার্চে শর্তসাপেক্ষে মুক্তি পান এবং বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতি তার সাজা বাতিল করেন। চলতি বছরের জানুয়ারিতে লন্ডনে চিকিৎসা শেষে মে মাসে ঢাকায় ফিরে গুলশানের বাসা ‘ফিরোজা’য় অবস্থান করছেন।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কয়েক বছর ধরে খালেদা জিয়ার জন্মদিনে কেক কাটা বা আনুষ্ঠানিক আয়োজন বন্ধ রাখা হয়েছে। আজও তিনি একই নির্দেশ দিয়েছেন। জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় বিএনপি দেশব্যাপী দলীয় কার্যালয় ও মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।