বিমানবন্দরে অপকর্মে জড়িতদের তালিকা করছে বেবিচক
Dhakanewsbd24 | নিজস্ব প্রতিবেদক
৩০ নভেম্বর ২০২৫
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে গত পাঁচ বছরে সংঘটিত অপকর্মে জড়িত ব্যক্তিদের তালিকা তৈরি করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। চোরাচালান, ঘুষ লেনদেন, মানবপাচার এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সদস্যদেরও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। শিগগিরই তালিকা চূড়ান্ত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বেবিচক সূত্র জানায়, অতীতের অপরাধমূলক ঘটনার তথ্য সংগ্রহে দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরকে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে।
Dhakanewsbd24-কে এ তথ্য নিশ্চিত করে বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ বলেন, “বেবিচক এখন ‘জিরো টলারেন্স’ নীতিতে চলছে। আমরা চাই বিমানবন্দরের সব কর্মকর্তা-কর্মচারী স্বচ্ছভাবে কাজ করুন এবং দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখুন।”
বেবিচকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, গত পাঁচ বছরে বিমানবন্দরে যত বড় চোরাচালানের ঘটনা ঘটেছে, এর বেশিরভাগের সঙ্গেই অভ্যন্তরীণ কারও না কারও সম্পৃক্ততা পাওয়া গেছে। তিনি বলেন, “প্রাথমিকভাবে ৩০ জনের নাম শনাক্ত হয়েছে। তদন্ত শেষ হলে তালিকা আরও বড় হতে পারে।”
তদন্তের প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানবন্দরে একাধিক সক্রিয় সিন্ডিকেট দীর্ঘদিন ধরে অনিয়মের সঙ্গে যুক্ত। কিছু কর্মকর্তা পদোন্নতি বা বদলির মাধ্যমে স্থান পরিবর্তন করলেও অপরাধের ধারাবাহিকতা থামেনি। কেউ কেউ প্রভাব ব্যবহার করে আগের তদন্ত থেকে রেহাই পেয়েছিলেন। এবার তাদের পুরোনো রেকর্ডও খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তে আরও উঠে এসেছে, সিন্ডিকেটের সদস্যরা লাগেজ ছাড়ের নামে প্রবাসী যাত্রীদের কাছ থেকে অর্থ আদায়ের পাশাপাশি নানা ধরনের পণ্য চোরাচালানেও জড়িত।
বিমানবন্দরে কর্মরত এক কর্মকর্তা জানান, “দীর্ঘদিন যারা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছিলেন, এবার তাদের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়েছে। আগে তদন্ত হলেও সুনির্দিষ্ট প্রমাণের অভাবে ফল পাওয়া যেত না। এবার ভিডিও ফুটেজ, সাক্ষ্য ও নথিপত্রসহ পূর্ণাঙ্গ প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। শনাক্ত ৩০ জনের কেউ কেউ ইতোমধ্যে অন্য বিভাগে বদলি হয়েছেন, আবার কেউ এখনও কর্মরত আছেন। সবার বিরুদ্ধেই তদন্ত চলছে এবং অপরাধ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”
বেবিচক সূত্র আরও জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ প্রধান প্রধান বিমানবন্দরে অনিয়ম কমাতে বিশেষ তদারকি বাড়ানো হয়েছে এবং নতুন প্রযুক্তিসম্পন্ন নজরদারি ব্যবস্থা চালুর প্রস্তুতি চলছে।

