ভাই’ সম্বোধনে ক্ষিপ্ত এসিল্যান্ড: “আমি সাধারণ মানুষ নই”
DhakaNewsBD24
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬
কুড়িগ্রাম সদরে ‘ভাই’ সম্বোধন করায় এক সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলামের বিরুদ্ধে।
রোববার (৫ এপ্রিল) দুপুরে পৌর শহরের সাহা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। ওই সময় প্রশাসনের তত্ত্বাবধানে ফিলিং স্টেশনটিতে তেল সরবরাহ কার্যক্রম চলছিল। পরিদর্শনে এসে উপস্থিত হন এসিল্যান্ড আরিফুল ইসলাম।
ঘটনাস্থলে থাকা সাংবাদিক জুয়েল রানা জানান, তেলের সরবরাহ পরিস্থিতি সম্পর্কে জানতে গিয়ে তিনি এসিল্যান্ডকে ‘ভাই’ বলে সম্বোধন করেন। এ সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসিল্যান্ড বলেন, “ভাই কেন বললেন? সাধারণ মানুষ ভাববে আপনার সঙ্গে আমার স্বজনপ্রীতি রয়েছে। সবাই আমাকেও সাধারণ মানুষ ভাববে।”
সাংবাদিকের অভিযোগ, ‘স্যার’ সম্বোধন না করায় এসিল্যান্ড ক্ষিপ্ত হয়ে জনসম্মুখে তাকে বিব্রত করেন। জুয়েল রানা বলেন, “কাউকে ‘স্যার’ বলা বাধ্যতামূলক—এমন কোনো নিয়ম আমার জানা নেই।”
এ বিষয়ে জানতে এসিল্যান্ড আরিফুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং বারবার কল করার কারণ জানতে চান। পরবর্তীতে সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ বলা বাধ্যতামূলক কি না—এ প্রশ্ন করা হলে তিনি ফোন কেটে দেন।
এ বিষয়ে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসমাইল হোসেন ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে স্থানীয় মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

