ভেঙে দেওয়া হলো নেপালের পার্লামেন্ট, মার্চে নির্বাচন বাংলাদেশ এর পরিবর্তন কোথায়
Dhakanewsbd24
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫
নেপালে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই ভেঙে দেওয়া হয়েছে দেশটির পার্লামেন্ট। আগামী বছরের মার্চে জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সংসদ ভেঙে দেওয়ার সুপারিশ করেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। তার নেতৃত্বে একটি ছোট মন্ত্রিসভা গঠিত হয়েছে, যার মেয়াদ ছয় মাস। এ সময়ে নতুন নির্বাচন আয়োজনের দায়িত্ব পালন করবে অন্তর্বর্তীকালীন সরকার।
রাষ্ট্রপতি রামচন্দ্র পাওডেলের দপ্তর থেকে জানানো হয়, সেনাপ্রধান অশোক রাজ সিগদেল ও আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে কার্কির নিয়োগ চূড়ান্ত হয়। আন্দোলনকারীরাই তাকে অন্তর্বর্তী নেতৃত্বের জন্য প্রস্তাব করেছিলেন।
গত এক সপ্তাহ ধরে দেশজুড়ে দুর্নীতি বিরোধী আন্দোলনে ব্যাপক সহিংসতা দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্ত থেকেই বিক্ষোভের সূত্রপাত। পরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও সহিংসতা থামে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর।
এই আন্দোলনকে তরুণ প্রজন্মের নেতৃত্বে হওয়ায় ‘জেন জি আন্দোলন’ বলা হচ্ছে। সহিংসতায় এ পর্যন্ত অন্তত ৫১ জন নিহত এবং ১ হাজার ৩০০ জনের বেশি আহত হয়েছেন।
সুশীলা কার্কি ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত নেপালের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছিলেন। সততা, দুর্নীতিবিরোধী অবস্থান ও দৃঢ় নেতৃত্বের জন্য তিনি ব্যাপকভাবে পরিচিত।

