মাইলস্টোন ট্র্যাজেডি: সুস্থ হয়ে বাড়ি ফিরলো আরেক শিক্ষার্থী
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শ্রেয়া ঘোষ (৮) নামের এক শিক্ষার্থী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তাকে ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। শ্রেয়া মাইলস্টোন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
শনিবার (২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, “শ্রেয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে থাকায় আজ তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আমাদের ইনস্টিটিউট থেকে এখন পর্যন্ত মোট ৯ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে ২৮ জন এখনও চিকিৎসাধীন।”
উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়। এই মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ৪৮ জন।

