মায়ের দেখানো পথে নির্বাচনী প্রচারণা শুরু করছেন তারেক রহমান
Dhakanewsbd24
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬
দীর্ঘ ২২ বছর পর সিলেট সফরের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার রাতেই তিনি সিলেটে পৌঁছাবেন। সফরের শুরুতে তিনি তার মা, সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুসৃত পথেই শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।
এরপর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে পুরোদমে মাঠপর্যায়ের নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপি চেয়ারম্যান।
তারেক রহমানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকালে সিলেটে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। সকাল সাড়ে ১১টার দিকে নগরের চৌহাট্টা এলাকায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি।
এরপর দুপুর ১টায় মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। সেখান থেকে দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে আয়োজিত জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।
সূচি অনুযায়ী, বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে নির্বাচনী সমাবেশে অংশ নেবেন তারেক রহমান। এরপর বিকেল ৫টায় কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
এ ছাড়া একই দিন সন্ধ্যা ৭টায় নরসিংদী পৌর পার্কসংলগ্ন এলাকায় জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। সেখান থেকে রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকার আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, প্রায় ২২ বছর আগে দলের যুগ্ম মহাসচিব হিসেবে সিলেট জেলা বিএনপির কর্মী সম্মেলনে অংশ নিতে সিলেট সফর করেছিলেন তারেক রহমান। সে সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করতেন—যা এখন তারেক রহমানও অনুসরণ করছেন।

