‘ম্যারেজ সংস্থার’ আড়ালে নারীদের সর্বনাশ—মুফতি কাসেমী গ্রেপ্তার
Dhakanewsbd24
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫
‘শরীয়াহ ভিত্তিক’ আদর্শ নিকাহ ব্যুরো ও কনসালটেন্ট প্ল্যাটফর্ম আইডিয়াল ম্যারেজ ব্যুরো–এর প্রতিষ্ঠাতা মুফটি মামুনুর রশিদ কাসেমীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেল ৩টার দিকে ঢাকার আটিবাজারের বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ওসি মনিরুল হক।
ওসি জানান, কাসেমীর স্ত্রী তামান্না হাতুনের পক্ষে তার মামি আন্না পারভীন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি কেরানীগঞ্জ মডেল থানায় পুলিশ হেফাজতে আছেন।
এর আগে সম্প্রতি কাসেমীর বিরুদ্ধে ‘তৃতীয় স্ত্রী’ পরিচয়ে একজন নারী গুরুতর অভিযোগ উত্থাপন করেন। গত ১৬ অক্টোবর বিকালে ‘তামান্না হাতুন’ নামে একটি ফেসবুক আইডি থেকে লাইভে এসে ওই নারী কাসেমীর বিরুদ্ধে প্রতারণা, নির্যাতনসহ অসংখ্য অভিযোগ প্রকাশ করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
মামলা ও অভিযোগের বিষয়ে পুলিশ জানায়, ঘটনাটি বিস্তারিত তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ‘ম্যারেজ ব্যুরো’র আড়ালে কাসেমী দীর্ঘদিন ধরে নারীদের সঙ্গে প্রতারণা ও অনৈতিক কার্যকলাপ চালিয়ে আসছিলেন।
তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

