শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে অগ্নিকাণ্ড, ফ্লাইট চলাচল স্বাভাবিক
ঢাকা প্রতিনিধি
Dhakanewsbd24
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে ফ্লাইট ওঠানামা বা বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি।
শনিবার (১৮ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে কার্গো টার্মিনালের পাশে আমদানিকৃত পণ্য সংরক্ষণের একটি অংশে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বলেন, “কার্গো সেকশনের পাশের একটি অংশে অগ্নিকাণ্ড হয়েছে। সেখানে মূলত আমদানি করা পণ্য মজুদ রাখা হয়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এবং ফ্লাইট চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।”
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত নয়। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
এ ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

