শাহজালাল বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় সোয়া ৮ কেজি সোনা উদ্ধার
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫
প্রতিবেদন: নিজস্ব প্রতিবেদক, Dhakanewsbd24
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ৮.১২০ কেজি ওজনের ৭০টি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার করা এসব সোনার বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে কাতারের দোহা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩২৬ ফ্লাইটের কার্গো হোল্ডে বিশেষ অভিযানে এই সোনা উদ্ধার করা হয়। সোনার বারগুলো কাপড়ে মোড়ানো অবস্থায় কালো কস্টেপ দিয়ে বাঁধা ছিল এবং তা ফ্লাইটের সামনের কার্গো হোল্ডে ফেলে যাওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন কাস্টমসের যুগ্ম কমিশনার নাজমুন নাহার কায়সার ও সহকারী কমিশনার এস এম সরাফত হোসেন।
ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মুহম্মদ জাকির হোসেন জানান, “বাংলাদেশ কাস্টমস দেশীয় অর্থনীতিকে সুরক্ষিত রাখতে, বৈদেশিক মুদ্রা পাচার ও চোরাচালান রোধে সর্বদা সচেষ্ট। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উদ্ধারকৃত সোনা যথাযথ প্রক্রিয়া শেষে বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
এ ঘটনায় কাস্টমস আইন, ২০২৩ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। কার্গো হোল্ডে কীভাবে এত পরিমাণ সোনা প্রবেশ করলো এবং কারা এতে জড়িত, সে বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে কাস্টমস সূত্র।

