সাংবাদিক সুরক্ষা অধ্যাদেশের খসড়া চূড়ান্ত, থাকছে জেল-জরিমানার বিধান১ থেকে ৫ বছরের কারাদণ্ড, ন্যূনতম ১ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক | Dhakanewsbd24
সাংবাদিকদের হুমকি, ভয়ভীতি ও হয়রানি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করে ‘সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’–এর খসড়া চূড়ান্ত করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। খসড়ায় এ ধরনের অপরাধের জন্য দোষী প্রমাণিত হলে মাত্রাভেদে ১ থেকে ৫ বছরের কারাদণ্ড, ন্যূনতম ১ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।
তথ্য মন্ত্রণালয় সূত্র জানায়, অংশীজনের মতামত নেওয়ার পর এটি উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
ব্যক্তিগত গোপনীয়তা ও তথ্যসূত্র সুরক্ষা
অধ্যাদেশে বলা হয়েছে, কোনো সাংবাদিকের বাসায় অবৈধভাবে প্রবেশ, তল্লাশি বা সম্পদ জব্দ করা যাবে না। সরকারি কর্মচারী বা আইন প্রয়োগকারী সংস্থা শারীরিক বা মানসিক চাপ প্রয়োগ করে সাংবাদিককে তথ্যসূত্র প্রকাশে বাধ্য করতে পারবে না।
পেশাগত স্বাধীনতা নিশ্চিতকরণ
খসড়ার ৩ ধারায় উল্লেখ আছে— সাংবাদিকদের সহিংসতা, হুমকি ও হয়রানি থেকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকারের। পেশাগত নিরপেক্ষতা ও স্বাধীনতা নিশ্চিত করতে নিবর্তনমূলক আইন প্রণয়ন বা প্রয়োগ করা যাবে না। যৌন হয়রানি প্রতিরোধেও বিশেষ উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।
মিথ্যা অভিযোগের শাস্তি
অধ্যাদেশে আরও বলা হয়েছে, কোনো সাংবাদিক যদি আইনানুগ কারণ ছাড়া মিথ্যা অভিযোগ করেন, তবে তিনি সর্বোচ্চ ১ বছর কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা প্রায়ই সহিংসতা, হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন। এসব বিবেচনায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাব অনুসারে এ খসড়া চূড়ান্ত করা হয়েছে।

