সুন্দরবনে কুমিরের হামলায় কাঁকড়া শিকারি সুব্রত নিহত
Dhakanewsbd24
প্রকাশ: ১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার
সুন্দরবনের করমজল খালে কুমিরের হামলায় সুব্রত মন্ডল (২৯) নামের এক বনজীবী নিহত হয়েছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচজনের একটি দল সকালেই কাঁকড়া ধরতে সুন্দরবনে প্রবেশ করে। বিকেলের দিকে ফেরার পথে করমজল খাল পার হওয়ার সময় হঠাৎ একটি বিশাল আকৃতির কুমির সুব্রতকে আক্রমণ করে। প্রথমে সহযাত্রীরা তাকে টেনে ধরলেও তিন মিনিটের চেষ্টার পর কুমিরের শক্তির কাছে পরাস্ত হয়ে যায় তারা। কুমির সুব্রতকে মুখে নিয়ে পানির নিচে অদৃশ্য হয়ে যায়।
প্রায় ১৫ মিনিট পর কুমিরটি শিকার মুখে নিয়ে ভেসে উঠলেও পরে আবার ডুবে যায়। এ সময় বনরক্ষীদের একটি ট্রলার ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ সময় অনুসন্ধানের পর রাতের অন্ধকারে গ্রামের কয়েকজন সাহসী যুবক পানিতে নেমে মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ নিয়ে স্বজনরা নিজ বাড়িতে ফেরেন।
পারিবারিক সূত্র জানায়, সুব্রত মন্ডলের স্ত্রী অন্তঃসত্ত্বা। তিনি বৃদ্ধ বাবা-মা ও তিন ভাইয়ের একমাত্র ভরসা ছিলেন। সুন্দরবনে কাঁকড়া শিকার করেই পরিবারের জীবিকা নির্বাহ করতেন। তার মৃত্যুতে পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে পড়ল।
স্থানীয় বনজীবীরা জানান, করমজল ও আশপাশের খালে প্রায়ই কুমিরের আক্রমণ ঘটে। গত বছর একই খালে কুমিরের কামড়ে মোশাররফ নামের আরেক শিকারি নিহত হয়েছিলেন। তবুও জীবিকার তাগিদে প্রতিদিন হাজারো বনজীবী এ জীবন ঝুঁকি নিয়ে সুন্দরবনে প্রবেশ করেন।

