হাদি আর ফিরবে না
কাজী আবির আসলাম
হাদি আর ফিরবে না—
এই রাষ্ট্র তাকে ফিরতে দেয়নি।
রক্তে লিখে গেছে
স্বাধীনতার ব্যর্থতার দলিল।
কোটি মানুষের দেশে
দেশপ্রেম আজ সংখ্যালঘু,
ভোট আছে—বিবেক নেই,
মুখ আছে—কণ্ঠ নেই।
ধর্মের নামে দরকষাকষি,
নীতির নামে সুবিধাবাদ,
ঘাতকেরা রাষ্ট্রের অতিথি,
আর সত্য বললেই দেশদ্রোহী।
মিছে দুনিয়া, মিছে মায়া—
হয়তো ক’দিনের জন্যই
এসেছিলে এই অন্ধকারে,
আলো জ্বালাতে।
তুমি চেয়েছিলে
সংকট ভেঙে
এক নতুন সকালের জন্ম দিতে,
পুরোনো ব্যবস্থা ভাঙাই তো ছিল
তোমার অপরাধ—
ইনকিলাব।
কিন্তু এই রাষ্ট্র
আয়না সহ্য করে না,
কারণ এতে
ঘাতকের মুখ দেখা যায়।
তাই অন্ধের দেশে
আয়না বিক্রেতাকে
গুলি করে থামানো হয়।
তোমার লাশে
হয়তো পতাকা ঢাকা হবে,
হয়তো শহীদ মিনারে ফুল—
কিন্তু জীবিত হাদি
রাষ্ট্রের জন্য ছিল সবচেয়ে ভয়ংকর।
ক্ষমা করো হাদি,
যে স্বাধীনতার
তুমি অংশীদার,
সেই স্বাধীনতাই তোমাকে খুন করল।
স্বর্গে ভালো থেকো—
এই রাষ্ট্র
আর কাউকে রক্ষা করে না।

