৩০০ আসনে বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত পর্যায়ে: তারেক রহমান
Dhakanewsbd24
আপডেট: ০৩ নভেম্বর ২০২৫
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের তালিকা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি খুব শিগগিরই ৩০০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করবে।
রোববার (১১ নভেম্বর) রাতে রাজধানীর লেকশোর হোটেলে এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, “আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, সবাই নিজেদের রেষারেষি ভুলে তাকে মেনে নিতে হবে। ধানের শীষ জিতলে আপনি জিতেছেন, বিজয়ী হবে দেশ ও গণতন্ত্র।”
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “প্রতি সংসদীয় আসনে একাধিক মনোনয়নপ্রত্যাশী রয়েছেন। আপনারা সবাই শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত, বেগম খালেদা জিয়ার সৈনিক। মনে রাখবেন—দলের প্রতীকে জিতলেই বিএনপি জিতবে, গণতন্ত্র জিতবে।”
তিনি সতর্ক করে বলেন, “আপনাদের চারপাশে সুপ্ত আকাঙ্ক্ষা নিয়ে গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে। নিজেদের মধ্যে রেষারেষি বা বিভেদ এমন পর্যায়ে নেওয়া যাবে না, যাতে প্রতিপক্ষ সুযোগ নিতে পারে।”
তারেক রহমান আরও বলেন, “স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার অবদানের প্রতি শ্রদ্ধা অক্ষুণ্ণ রাখতে হবে। এমন কোনো আচরণ করা যাবে না, যাতে দল বা নেত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়।”
জনগণের সঙ্গে সংযোগ বজায় রাখার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলে-মিশে।”
আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জনমনে নানা প্রশ্ন রয়েছে। “নির্বাচন সময়মতো হবে কি না, কোনো অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণের মতো পরিস্থিতি তৈরি হয় কি না—এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বিএনপির বিজয় ঠেকাতে দেশে সংঘাত, অপপ্রচার ও অপকৌশল চলছে,” বলেন তিনি।
তারেক রহমান আরও বলেন, “কৌশল ও অপকৌশলের পার্থক্য না বুঝলে, অপশক্তির কাছে আত্মসমর্পণের পরিস্থিতি তৈরি হতে পারে। তাই সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে।”

