৩০০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কেনায় তদন্তে অন্তর্বর্তী সরকার
ঢাকা, ১৪ আগস্ট ২০২৫
শেখ হাসিনার নেতৃত্বাধীন পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময়ে বিপুল অর্থে কেনা নজরদারি সরঞ্জামের বিষয়ে তদন্তে নেমেছে অন্তর্বর্তী সরকার। এ জন্য গঠন করা হয়েছে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি।
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবকে কমিটির প্রধান করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, “বিগত স্বৈরাচারী সরকার প্রায় ২০০ থেকে ৩০০ মিলিয়ন ডলারে নজরদারির যন্ত্রপাতি ও স্পাইওয়ার কিনে নাগরিক অধিকার হরণ করেছে। এতে মানুষের বাকস্বাধীনতা ও সংবিধানপ্রদত্ত গোপনীয়তার অধিকার খর্ব করা হয়েছে।”
রিপোর্টে উল্লেখ রয়েছে, এসব সরঞ্জামের কিছু ইসরায়েল থেকেও কেনা হয়েছে। কমিটি কীভাবে, কোথা থেকে এবং কত দামে এই যন্ত্রপাতি কেনা হয়েছে এবং কীভাবে ব্যবহার করা হয়েছে, তা খতিয়ে দেখবে।

