আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ
Dhakanewsbd24
প্রকাশ :৬ মে ২০২৬
গাজীপুর মহানগরীর গাছা থানাধীন চান্দরা মৌজায় আদালতের স্থিতাবস্থা ও আইনি নির্দেশনা অমান্য করে এক নারীর জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বিকেলে গাজীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী কোহিনূর আক্তার (৪৫) সাংবাদিকদের কাছে এ অভিযোগ তুলে ধরেন। এ সময় তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
ভুক্তভোগী ও মামলার সূত্রে জানা যায়, চান্দরা মৌজায় ১২ শতাংশ জমি ক্রয় করে নামজারি (মিউটেশন) সম্পন্ন করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন কোহিনূর আক্তার ও তার আত্মীয়রা। অভিযোগ রয়েছে, সম্প্রতি স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির আশ্রয়ে আতাউর রহমান আতা নামে এক ব্যক্তি ও তার সহযোগীরা ওই জমির মালিকের কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে অভিযুক্তরা জালিয়াতির আশ্রয় নিয়ে জমি দখলের চেষ্টা চালায়। একপর্যায়ে তারা সীমানা প্রাচীর ভেঙে ফেলে এবং বাগানের গাছ কেটে ফেলে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
এ ঘটনায় কোহিনূর আক্তার গত ২১ ডিসেম্বর গাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১১৯১) করেন। পরে প্রতিকার চেয়ে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (নং- ১২১৮/২০২৫) দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে টঙ্গীর সহকারী কমিশনার (ভূমি)কে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন এবং গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ওই জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা প্রদান করেন।
কোহিনূর আক্তারের অভিযোগ, মামলা বিচারাধীন থাকা অবস্থায় এবং আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত শনিবার রাতে বিবাদীরা জমিতে সাইনবোর্ড টানানোর চেষ্টা করে। এছাড়া মামলা করায় ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও তিনি দাবি করেন।
নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে ভুক্তভোগী নারী পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর লিখিত আবেদন করেছেন।
এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, আবেদনটি তদন্তাধীন রয়েছে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কাজ করছে।

