একই পরিবারের পাঁচজনের গলাকাটা লাশ উদ্ধার, গৃহকর্তা পলাতক
Dhakanewsbd24
প্রকাশ : ০৯ মে ২০২৬
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গৃহকর্তা ফোরকান মিয়াকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
শনিবার (৯ মে) ভোরে উপজেলার রাউৎকোনা (পূর্ব পাড়া) গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ফোরকানের স্ত্রী শারমিন (৩২), শ্যালক রসুল (২২) এবং তাদের তিন কন্যা মিম (১৪), হাবিবা (১০) ও ফারিয়া (২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফোরকান মিয়া প্রাইভেটকার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে রাউৎকোনা গ্রামের সিঙ্গাপুর প্রবাসী মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।
নিহত শারমিনের স্বজন সাকিব অভিযোগ করেন, শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৭টার দিকে রসুলকে চাকরি দেওয়ার কথা বলে ফোনে বাসায় ডেকে নেন ফোরকান। পরে রাতে সবাই খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়লে, তিনি স্ত্রী, শ্যালক ও তিন কন্যাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করেন।
কাপাসিয়া-কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, “একই পরিবারের পাঁচজনকে হত্যার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহকর্তা ফোরকান মিয়াই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।”
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পলাতক ফোরকান মিয়াকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

