এ্যানি আমার বন্ধু, সম্পর্ক নষ্ট করতে ধাক্কাধাক্কির ভিডিও ছড়ানো হয়
DhakaNewsBD24
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬
খাল খনন কর্মসূচিতে ধাক্কাধাক্কির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় ভুল বোঝাবুঝির অবসান হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য কবি মাসুদ অরুন।
রাজধানীতে আয়োজিত এক কর্মসূচিতে পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে ধাক্কাধাক্কির একটি ভিডিও ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
তবে ঘটনার একদিন পর সোমবার (১৩ এপ্রিল) শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে সাক্ষাৎ করেন মাসুদ অরুন। সাক্ষাৎ শেষে তিনি জানান, বিষয়টি নিয়ে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, তা এখন আর নেই।
সাক্ষাতের একটি ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে মাসুদ অরুন লেখেন, “শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আমার বন্ধু, আমার ভাই। খাল খনন কর্মসূচিতে তিনি আমার সঙ্গে করমর্দন করেন এবং কুশলাদি বিনিময় করেন।”
তিনি আরও বলেন, “অতিরিক্ত ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কির একপর্যায়ের একটি ভিডিও ধারণ করে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের সম্পর্ক নষ্ট করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।”

