ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতা মতিউর রহমান সাগর বহিষ্কার
Dhakanewsbd24
প্রকাশ : ৭ অক্টোবর ২০২৬
শরীয়তপুরের নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনকে হুমকি দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিএনপি নেতা মতিউর রহমান সাগরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলাভঙ্গ, অসাংগঠনিক কর্মকাণ্ড ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।
গত মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরণ ও সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালুর নির্দেশক্রমে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
ঘটনার সূত্রপাত
গত সোমবার বিকেলে নড়িয়ার বাংলা বাজার এলাকায় নির্বাচনী বিলবোর্ড লাগানোকে কেন্দ্র করে মতিউর রহমান সাগরের সঙ্গে জুলাই শহীদ মিরাজুল ইসলাম অর্ণবের বাবা আবু তালেবের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, ওই সময় সাগরের লোকজন অর্ণবের চাচা আব্দুস সালামকে মারধর করে এবং তাকে ‘ফ্যাসিস্ট’ ও ‘যুবলীগ’ আখ্যা দিয়ে থানায় নিয়ে যায়। সাগরের দাবি ছিল, সালাম তার ব্যানার ছিঁড়ে ফেলেছেন। এ কারণে তাকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানোরও দাবি করেন তিনি।
পরে পুলিশি তদন্তে আব্দুস সালামের সরাসরি সম্পৃক্ততা না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হলে ক্ষুব্ধ হন মতিউর রহমান সাগর। এ সময় নড়িয়া থানার ওসি আনোয়ার হোসেনের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়।
একপর্যায়ে ওসিকে উদ্দেশ্য করে সাগর বলেন, ‘বাহার যে পথে গেছে, আপনিও যাবেন সে পথে।’ ওই কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।
আগেও দেওয়া হয়েছিল কারণ দর্শানোর নোটিশ
দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গত ২৮ জুলাই মতিউর রহমান সাগরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল জেলা বিএনপি। তবে এরপরও তার কর্মকাণ্ডে পরিবর্তন না আসায় শেষ পর্যন্ত তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বহিষ্কারাদেশের অনুলিপি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এমপির কাছে পাঠানো হয়েছে।
বহিষ্কারের পর সাগরের প্রতিক্রিয়া
বহিষ্কারাদেশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে মতিউর রহমান সাগর লিখেছেন, ‘যে দলের জন্য জীবন-যৌবন শেষ করলাম, সেই দল আমাকে বহিষ্কার করল- আলহামদুলিল্লাহ।’
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও বিভিন্ন সময়ে সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল মতিউর রহমান সাগরের বিরুদ্ধে। এসব ঘটনায় ভুক্তভোগীরা থানায় অন্তত ছয়টি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানা গেছে।

