গুলশানে শেখ হাসিনার নামে স্লোগান, আটক তিন যুবক
Dhakanewsbd24
প্রকাশ :১১ নভেম্বর ২০২৬
ডেস্ক রিপোর্ট ॥ রাজধানীর গুলশানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেওয়ার অভিযোগে তিন যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের এক নেতা। এ সময় আরও চার যুবক মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান বলে দাবি করেছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে গুলশান-২ নম্বর চত্বরের কাছে ওয়েস্টিন হোটেলের সামনে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন মাদারীপুরের কালকিনি উপজেলার সাব্বির হোসেন (২৯), পুরান ঢাকার চকবাজারের ফারহান আহম্মেদ (২৪) এবং নাটোরের বড়াইগ্রাম উপজেলার সজিবুর রহমান (৩০)। সাব্বির মিরপুর-২ এবং সজিবুর মহাখালীর ওয়্যারলেস এলাকায় থাকেন।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম। তাঁর ভাষ্য, রাতে গুলশান হয়ে বনশ্রীর বাসায় ফেরার পথে ওয়েস্টিন হোটেলের সামনে কয়েকজনকে স্লোগান দিতে শুনে গাড়ি থামান। সেখানে চারটি মোটরসাইকেল ছিল। পরিচয় জানতে চাইলে চারজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। অন্য তিনজনকে আটকে রেখে পুলিশে খবর দেন তিনি।
রহিম জানান, আটক যুবকেরা জিজ্ঞাসাবাদে দাবি করেন, মদ্যপ অবস্থায় না বুঝে স্লোগান দিয়েছেন এবং এ জন্য দুঃখ প্রকাশ করেন। পরে পুলিশ তাঁদের থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আটকের পর ঘটনাস্থলে ভিড় জমে। এক সাংবাদিকও স্লোগান শুনেছেন এবং একজনকে পালিয়ে যাওয়া যুবকদের ধরতে দৌড়াতে দেখেছেন। আটক ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেনি পুলিশ। গুলশান থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর রাত তিনটার দিকে জানান, তিনজনকে আটক করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া হবে। তবে মামলার অভিযোগ সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি।

