গ্রেপ্তার থাকা কিছু সাংবাদিক মানবতাবিরোধী অপরাধে দায়ী: জাহেদ উর রহমান
DhakaNewsBD24
প্রকাশ: ০৮ মে ২০২৬
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, জুলাই সংক্রান্ত ঘটনায় বর্তমানে গ্রেপ্তার থাকা কিছু সাংবাদিক হত্যা মামলার চেয়েও বড়, অর্থাৎ মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে এ বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট নাম উল্লেখ করেননি।
মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
জাহেদ উর রহমান বলেন, বন্দি সাংবাদিকরা সরাসরি গণহত্যার মামলায় গ্রেপ্তার না হলেও, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট হত্যা মামলা রয়েছে। তবে তার মতে, এসব ঘটনার কিছু ক্ষেত্রে মানবতাবিরোধী অপরাধের উপাদান থাকতে পারে। তিনি এটিকে তার ব্যক্তিগত অভিমত বলেও উল্লেখ করেন।
তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ও টোকিও ট্রায়ালের উদাহরণ টেনে বলেন, সহিংসতার পক্ষে ন্যারেটিভ তৈরি করাও বিচারযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হয়েছিল।
এদিকে একই ধরনের অভিযোগে এখনও যেসব সাংবাদিক গ্রেপ্তার হননি, তাদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। তবে পুরো বিষয়টি বিচারিক প্রক্রিয়ার অধীন এবং এ ক্ষেত্রে সরকারের সীমাবদ্ধতা রয়েছে বলেও উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, হামের টিকা নিয়ে অবহেলার অভিযোগ তদন্তের উদ্যোগ নেওয়া হচ্ছে। তদন্তের মূল উদ্দেশ্য হবে সমস্যার উৎস চিহ্নিত করা এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধ করা।
এছাড়া উপজেলা পরিষদ বাতিলের কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি বলেও স্পষ্ট করেন তথ্য উপদেষ্টা। চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

