ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি ঘিরে আলোচনা, সভাপতি পদে রাজ ও সাধারণ সম্পাদক পদে আবু বক্কর সিদ্দিক
Dhakanewsbd24
প্রকাশ : ৪ অক্টোবর ২০২৬
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণার পর নতুন সাংগঠনিক নেতৃত্ব নির্বাচনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে নানা রাজনৈতিক হিসাব-নিকাশ। যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা হতে পারে—এমন আলোচনা চলছে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে।
নতুন কমিটিতে সভাপতি পদে সদ্য বিলুপ্ত কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি মিজানুর রহমান রাজের নাম আলোচনায় রয়েছে। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জোরালোভাবে আলোচনায় রয়েছেন দীর্ঘদিন ধরে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত নেতা আবু বক্কর সিদ্দিক।
দলীয় নেতাকর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী, আবু বক্কর সিদ্দিক সরকারি এম এ রেজা কলেজ ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এবং মিরপুর ল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য এবং উত্তরা জোন যুবদলের সাবেক সদস্য হিসেবেও সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন।
নেতাকর্মীরা জানান, দীর্ঘ রাজনৈতিক জীবনে আবু বক্কর সিদ্দিক দলীয় কর্মসূচি ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, শাড়ি ও কম্বল বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও তিনি অংশ নিয়েছেন বলে দাবি করেন তার অনুসারীরা।
তাদের ভাষ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিভিন্ন কর্মসূচি সফল করতে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠে সক্রিয় ছিলেন। রাজনৈতিক জীবনে হামলা-মামলা, নির্যাতন ও ব্যবসায়িক ক্ষতির মুখোমুখি হলেও তিনি দলের আদর্শ থেকে সরে যাননি বলেও দাবি করেন তার ঘনিষ্ঠ নেতাকর্মীরা।
আবু বক্কর সিদ্দিকের ঘনিষ্ঠ নেতাকর্মীদের দাবি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শের প্রতি তিনি অটুট রয়েছেন। ভবিষ্যতেও জিয়া পরিবারের প্রতি তার রাজনৈতিক আনুগত্য অব্যাহত থাকবে বলে তারা মনে করেন।
এদিকে ঢাকা নিউজ বিডি টুয়েন্টিফোরের সঙ্গে মুঠোফোনে কথা বলেন আবু বক্কর সিদ্দিক। এ সময় তিনি বলেন, “মাদক, জুয়া ও চাঁদাবাজদের একবিন্দুও ছাড় দেওয়া হবে না। দেশের মানুষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঙ্গে নিয়ে এসব অপরাধ নির্মূল করতে কাজ করব।”
তার সমর্থকদের মতে, রাজপথের আন্দোলন-সংগ্রাম থেকে উঠে আসা নেতাদের নেতৃত্বে আনা হলে ঢাকা মহানগর উত্তর যুবদল আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে। সেই বিবেচনায় আবু বক্কর সিদ্দিককে সাধারণ সম্পাদক করা হলে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সংগঠনকে আরও গতিশীল করতে পারবেন বলে প্রত্যাশা করছেন তারা।
এদিকে নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা নেতাকর্মীদের মূল্যায়ন করে নতুন কমিটিতে দায়িত্ব দেওয়া হবে—এমন প্রত্যাশা করছেন তৃণমূলের নেতাকর্মীরা।

