বিমানবন্দরে সেবার মানোন্নয়নে জোর, কার্গো হয়রানি বন্ধের নির্দেশ
BG-202 বিমানের হাইড্রলিক ত্রুটি দ্রুত মেরামতের তাগিদ
Dhakanewsbd24
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সেবার মানোন্নয়নে জোর দিয়ে কার্গো ব্যবস্থাপনায় হয়রানি বন্ধের নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি।
রোববার বিমানবন্দর পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঠিক নিয়ম অনুসরণ করে দ্রুত ও হয়রানিমুক্তভাবে পণ্য খালাস নিশ্চিত করার নির্দেশ দেন। মন্ত্রী বলেন, নতুন গণতান্ত্রিক সরকারের অধীনে কার্গো পরিবহন কার্যক্রম সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে এবং দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।
পরিদর্শনের অংশ হিসেবে মন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হ্যাঙ্গার কমপ্লেক্সও ঘুরে দেখেন। এ সময় তিনি BG-202 ফ্লাইটের (Boeing 787-9) কারিগরি ত্রুটির বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের দ্রুত কেন্দ্রীয় হাইড্রলিক সিস্টেমের মেরামত কাজ শেষ করে বিমানটিকে পুনরায় উড্ডয়নের উপযোগী করার নির্দেশ দেন।
মন্ত্রী বিমানের কেবিন ও ককপিট পরিদর্শন করে বিভিন্ন যন্ত্রপাতি ও প্যানেলের কার্যকারিতাও পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ বেবিচক ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কেন্দ্রীয় হাইড্রলিক সিস্টেমের আইসোলেটরে ত্রুটির কারণে BG-202 বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ডেড ছিল। বর্তমানে সেটি সচল করার লক্ষ্যে মেরামত কাজ চলছে।

