লক্ষ্মীপুরে হামলায় সৌদি প্রবাসী রক্তাক্ত, নারীসহ আহত ৩
নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৪ মে ২০২৬
লক্ষ্মীপুরের সদর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় টিপু সুলতান (২৭) নামে এক সৌদি প্রবাসী রক্তাক্ত জখম হয়েছেন। এ ঘটনায় তার মা ও ভাবিসহ আরও দুজন নারী আহত হয়েছেন।
রোববার (৩ মে) বেলা ১১টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।
অভিযুক্তরা হলেন—একই গ্রামের কালামিঝি বাড়ির কাশেম মুহুরি, তার ছেলে রিয়াজ উদ্দিন বাবলু এবং পুত্রবধূ নাঈমা আক্তারসহ আরও কয়েকজন।
আহত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। ঘটনার দিন টিপু সুলতান নিজ বাড়ির ছাদে পানি নিষ্কাশনের জন্য পাইপ স্থাপন করছিলেন। এ সময় কাশেম মুহুরীর নির্দেশে তার ছেলে রিয়াজ উদ্দিন বাবলু প্রবাসীর বাড়িতে প্রবেশ করে পাইপ লাইনে বাধা দেন।
এ বিষয়ে প্রতিবাদ জানালে বাবলু, তার স্ত্রী নাঈমা আক্তারসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে টিপুর ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করতে গেলে তার মা শেফালী বেগম (৬২) ও ভাবি সুফিয়া বেগম (২২) মারধরের শিকার হন।
স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়।
আহত টিপু সুলতান অভিযোগ করে বলেন, ‘বাড়িতে পুরুষ লোক না থাকায় কাশেম মুহুরী ও তার লোকজন আমার মাকে একাধিকবার মারধর করেছে। তিনি আইনজীবীর সহকারী হওয়ায় আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। এবারও পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালানো হয়েছে।’
তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

