সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান বাসসের প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরীর
DhakaNewsBD24
প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬
সাংবাদিকতায় প্রতিযোগিতার চেয়ে সত্যকে প্রাধান্য দেওয়া এবং সততা ও জবাবদিহিতা নিশ্চিত করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদের গনি চৌধুরী।
তিনি বলেছেন, সাংবাদিকতায় বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তীব্র প্রতিযোগিতা। পাঠকের কাছে দ্রুত সংবাদ পৌঁছে দেওয়ার প্রবণতায় যেন সত্য ও তথ্যের নির্ভুলতা ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সাংবাদিকদের সতর্ক থাকতে হবে।
রোববার বাসস কার্যালয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থাটির জেলা প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাদের গনি চৌধুরী বলেন, তীব্র প্রতিযোগিতার কারণে অন্যদের আগে সংবাদ প্রকাশ করতে গিয়ে সাংবাদিকরা প্রায়ই ভুল করে বসেন। এ ধরনের ভুল সাংবাদিকতা এবং দেশের স্থিতিশীলতার জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই যেকোনো সংবাদ প্রকাশের আগে একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করা জরুরি।
তথ্য যাচাইয়ের (ফ্যাক্ট-চেকিং) গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বর্তমানে বিপুল পরিমাণ ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এমনভাবে এসব কনটেন্ট তৈরি ও প্রচার করা হয়, যা দেখে সাধারণ পাঠক ও দর্শকদের পক্ষে সত্য-মিথ্যা আলাদা করা কঠিন হয়ে পড়ে।
তিনি বলেন, একজন সাংবাদিককে অবশ্যই তথ্যের উৎস যাচাই করতে হবে এবং সত্য অনুসন্ধান করতে হবে। একজন পেশাদার সাংবাদিক ও সাধারণ মানুষের মধ্যে এটিই অন্যতম প্রধান পার্থক্য।
খবর সবার আগে প্রকাশের প্রতিযোগিতায় অনেক গণমাধ্যম বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে বলেও মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গে কিংবদন্তি সাংবাদিক আতাউস সামাদের জীবদ্দশায় কয়েকটি টেলিভিশন চ্যানেলে তাঁর মৃত্যুর খবর প্রচারের উদাহরণ তুলে ধরে কাদের গনি চৌধুরী বলেন, এ ধরনের ঘটনা সাংবাদিকতা পেশার জন্য অত্যন্ত লজ্জাজনক।
সাংবাদিকতাকে সত্যের সাধনা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মিথ্যার সঙ্গে কখনো আপস না করাই সাংবাদিকতার মূল নীতি।
বাসসের জেলা প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, একসময় মানুষ বাসসের সাংবাদিকদের অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখতেন। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।
তিনি আরও বলেন, বাসস বর্তমানে অনেক তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করছে, যা দেশের বিভিন্ন গণমাধ্যম নিয়মিত প্রকাশ করছে। জেলা প্রতিনিধিদের নিজ নিজ এলাকার গুরুত্বপূর্ণ ও তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরির পাশাপাশি সংবাদের মাধ্যমে দেশের ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনা তুলে ধরার আহ্বান জানান তিনি।
জেলা প্রতিনিধিদের আর্থিক দুরবস্থার কথা উল্লেখ করে কাদের গনি চৌধুরী বলেন, তাঁরা অত্যন্ত স্বল্প বেতনে কাজ করছেন এবং দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে বঞ্চনার শিকার হয়ে আসছেন। তাঁদের বেতন-ভাতা বৃদ্ধির বিষয়টি নিয়ে সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে ইতিবাচক বিবেচনার আশ্বাস পাওয়া গেছে।
সভাটি সঞ্চালনা করেন বাসসের প্রধান প্রতিবেদক (ইংরেজি) জি এম রাজিব হোসেন। সভায় বাসসের ব্যবস্থাপনা সম্পাদক মো. ফজলুল হক, প্রধান বার্তা সম্পাদক (ইংরেজি) মো. মানিকুল আজাদ, প্রধান বার্তা সম্পাদক (বাংলা) মুরসালিন নোমানী এবং অডিও-ভিজুয়াল ইনচার্জ তাহমিনা নুপুর জেলা প্রতিনিধিদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন বাসসের সিটি এডিটর হারুন আল নাসিফ, ন্যাশনাল ডেস্ক ইনচার্জ শারমিন জাহান অজান্তা এবং প্রধান প্রতিবেদক (বাংলা) দিদারুল আলম।

