ঢাকাবুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

সাংবাদিক কামরুজ্জামান বাবলুকে অপহরণ, অর্থ লুটের অভিযোগ

admin
অক্টোবর ৭, ২০২৬ ১২:২৭ অপরাহ্ণ
Link Copied!

সাংবাদিক কামরুজ্জামান বাবলুকে অপহরণ, অর্থ লুটের অভিযোগ
Dhakanewsbd24
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬
রাজধানীর পোস্তগোলা এলাকা থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক এদিনের বিশেষ প্রতিনিধি সাংবাদিক কামরুজ্জামান বাবলুকে ডেকে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি, অপহরণ ও হত্যার হুমকি দেওয়ার পাশাপাশি তাঁর ব্যাংক ও মোবাইল আর্থিক সেবা থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
মঙ্গলবার (৬ অক্টোবর) ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একজন সাংবাদিককে পরিকল্পিতভাবে ফাঁদে ফেলে অপহরণ, অস্ত্রের মুখে জিম্মি করে অজ্ঞাত স্থানে নিয়ে হত্যার হুমকি দেওয়া এবং তাঁর অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ অত্যন্ত গুরুতর ও উদ্বেগজনক। এ ধরনের ঘটনা সাংবাদিকদের নিরাপত্তা এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বড় ধরনের হুমকি।
সাংবাদিক কামরুজ্জামান বাবলু এদিনকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে তাঁকে ডেকে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। পরে তাঁর হাত ও চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। তাঁর ব্যাংক কার্ড ও মোবাইল আর্থিক সেবা ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়া হয়।
ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, বিষয়টি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি রাখে। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে এর সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
একই সঙ্গে ব্যাংক লেনদেন, এটিএম বুথের তথ্য, মোবাইল আর্থিক সেবার লেনদেন, ব্যবহৃত মোবাইল নম্বর ও আইএমইআইসহ সংশ্লিষ্ট সব তথ্য গুরুত্বের সঙ্গে তদন্তের আওতায় আনার আহ্বান জানান ডিআরইউ নেতৃবৃন্দ।
তারা বলেন, কোনো সাংবাদিককে পেশাগত পরিচয় বা মতপ্রকাশের কারণে ভয়ভীতি দেখানো, অপহরণ, জিম্মি কিংবা শারীরিক ক্ষতির হুমকি দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ ঘটনার দ্রুত বিচার ও কার্যকর তদন্তের মাধ্যমে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে আস্থা ফিরিয়ে আনতে হবে।
ডিআরইউ নেতৃবৃন্দ সাংবাদিক কামরুজ্জামান বাবলুর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং তাঁর ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।