সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন
Dhakanewsbd24
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬
রাজধানীর লালবাগ থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১২ এপ্রিল) আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, শিরীন শারমিনকে এদিন আদালতে হাজির করা হয়নি। তার পক্ষে আইনজীবীরা শুনানিতে অংশ নেন।
এর আগে গত ৭ এপ্রিল ভোরে শিরীন শারমিন চৌধুরীকে তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে একই দিন তাকে এ মামলায় কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই লালবাগ থানাধীন আজিমপুর সরকারি কলোনির ভেতরে মিছিল করছিলেন ভুক্তভোগী মো. আশরাফুল ওরফে ফাহিম। এ সময় আসামিদের ছোড়া গুলিতে তার বাম চোখ নষ্ট হয়ে যায়। এ ঘটনায় পরদিন ১৭ জুলাই লালবাগ থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।

