ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয়ে হামলার দাবি, নেতানিয়াহুর অবস্থা নিয়ে যা বলছে ইসরায়েলি গণমাধ্যম
DhakaNewsBD24
আপডেট: ০৩ মার্চ, ২০২৬
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং দেশটির বিমানবাহিনী প্রধানের বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান। তবে ইসরায়েল এ দাবি সরাসরি নাকচ করেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় দেশটির সামরিক মুখপাত্র দাবি করেন, ‘খেইবার’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তারা নেতানিয়াহুর অফিস এবং ইসরায়েলি বিমানবাহিনী প্রধান টোমার বার-এর বাসভবনে হামলা চালিয়েছে। ভিডিও বার্তায় আরও বলা হয়, এ হামলার পর নেতানিয়াহুর ভবিষ্যৎ অনিশ্চিত। একইসঙ্গে দাবি করা হয়েছে, কুয়েতে তিনটি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে।
তবে ইসরায়েলি গণমাধ্যমে এ দাবিকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করা হয়েছে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, চ্যানেল ১২ নিউজের প্রধান রাজনৈতিক বিশ্লেষক আমিত সেগাল টেলিগ্রামে লিখেছেন, “এটি মিথ্যা খবর।” এছাড়া রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ক্যান টিভি নিউজের প্রধান কূটনৈতিক প্রতিবেদক সুলেমান মাসওয়াদা বলেছেন, ইরানের দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
চীনা সংবাদমাধ্যম জিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, জেরুসালেমের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন—নেতানিয়াহুর কার্যালয়ের আশপাশে কোনো ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দেখা যায়নি। স্থানীয় সময় দুপুর ১২টার দিকে শহরে এয়ার রেইড সাইরেন বেজে ওঠে। তবে পুলিশ ও উদ্ধারকর্মীরা কোনো হতাহত বা স্থাপনার ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করেননি। ভবনটি অক্ষত রয়েছে এবং আশপাশের এলাকায় স্বাভাবিক চলাচল অব্যাহত আছে।
টাইমস অব ইসরায়েল আরও উল্লেখ করেছে, স্থানীয় ও আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইরান অতীতে বিভিন্ন সামরিক অভিযানের সাফল্য বাড়িয়ে দেখানোর প্রচারণা চালিয়েছে। ফলে এ দাবিকেও অনেকেই সন্দেহের চোখে দেখছেন।

