লক্ষ্মীপুর একই প্রতিষ্ঠানে শুরু-শেষ, দুই শিক্ষকের আবেগঘন বিদায়
নিজস্ব প্রতিনিধি,লক্ষ্মীপুর
১৭ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের কাজীর দিঘীরপাড় সমাজকল্যাণ উচ্চ বিদ্যালয়ে একই প্রতিষ্ঠানে কর্মজীবন শুরু ও শেষ করা দুই শিক্ষকের আবেগঘন বিদায় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে দীর্ঘদিন শিক্ষকতা শেষে অবসর নেন আবুল খায়ের বিএসসি ও অণিমা প্রভা রায়। তাদের বিদায় উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠান শেষে ফুল দিয়ে সজ্জিত গাড়িতে করে তাদের বাড়ি পৌঁছে দেওয়া হয়, যা উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে।
জানা যায়, আবুল খায়ের বিএসসি প্রায় ৩৯ বছর এবং অণিমা প্রভা রায় ২৭ বছর একই প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। কর্মজীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তারা এ বিদ্যালয়ের সঙ্গেই যুক্ত ছিলেন।
কাজীর দিঘীরপাড় স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মাঈন উদ্দিন, সাবেক শিক্ষক কাজী জহির উদ্দিন, সিনিয়র শিক্ষক ফরিদ আহমেদসহ অন্যান্য শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকবৃন্দ।
বিদায়ী বক্তব্যে আবুল খায়ের বলেন, “১৯৮৬ সালে শিক্ষকতা পেশা শুরু করি। দীর্ঘ ৩৯ বছর একই বিদ্যালয়ে কাটিয়েছি। বিদায়ের মুহূর্তে সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।”
অণিমা প্রভা রায় বলেন, “ফুলে সজ্জিত গাড়িতে করে বিদায় নেওয়ার বিষয়টি কখনো কল্পনাও করিনি। এই বিদ্যালয়ে ২৭ বছরের প্রতিটি মুহূর্ত আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। সবার ভালোবাসা নিয়েই আজ বিদায় নিচ্ছি।”
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক নিজাম উদ্দিন বলেন, “কর্মজীবনের একটি সময় শেষে সবাইকে বিদায় নিতে হয়। আবুল খায়ের ও অণিমা প্রভা রায় ছিলেন শিক্ষার্থীদের প্রিয় শিক্ষক। সহকর্মী হিসেবে তাদের শূন্যতা আমরা গভীরভাবে অনুভব করব।”

