হরমুজ প্রণালী দিয়ে ‘বাংলার জয়যাত্রা’র চলাচল নিশ্চিতে ইরানকে নির্দেশনা
Dhakanewsbd24
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬
বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে ইরান।
তুরস্কে অনুষ্ঠিত আন্তালিয়া কূটনীতি ফোরামের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে উভয় পক্ষ উপসাগরীয় অঞ্চলের ক্রমবিকাশমান পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী চলমান পরিস্থিতিতে বাংলাদেশের ধারাবাহিক ও ভারসাম্যপূর্ণ অবস্থানের কথা তুলে ধরেন এবং সকল পক্ষকে সংযম, সংলাপ ও কূটনীতির মাধ্যমে মতপার্থক্য নিরসনের আহ্বান জানান।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে তেহরান সফরের আমন্ত্রণ জানান।
বৈঠকে ড. খলিলুর রহমান হরমুজ প্রণালী দিয়ে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচল সহজতর করতে ইরানের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “হরমুজ প্রণালী পারাপারের অনুমতিপ্রাপ্ত ছয়টি দেশের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় আমরা ইরানের প্রতি কৃতজ্ঞ।”
এর প্রেক্ষিতে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি দ্রুত খতিয়ে দেখেন এবং জানান, বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।

