দক্ষিনখান কাওলা বাজারে ইয়াবা কারবারির অপবাদ দিয়ে পুলিশ কর্মকর্তাকে গণধোলাই,
DhakaNewsBD24
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬
রাজধানীর দক্ষিণখান এলাকায় এক পুলিশ কর্মকর্তাকে ইয়াবা কারবারি আখ্যা দিয়ে গণধোলাই দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, সোমবার (২৭ এপ্রিল) দুপুর আনুমানিক দেড়টার দিকে দক্ষিণখানের কাওলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একদল যুবক পুলিশ পোশাক পরিহিত অবস্থায় থাকা আনিসুর রহমানকে ঘিরে ধরে মারধর শুরু করে। এ সময় তারা তাকে ইয়াবা কারবারি দাবি করে অভিযোগ তোলে যে, তিনি মাদক বিক্রির উদ্দেশ্যে সেখানে এসেছেন এবং তার কাছে ইয়াবা রয়েছে।
ঘটনার পর এলাকাবাসীর মাধ্যমে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় আনিসুর রহমানকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়।
এদিকে, ঘটনার পর ঘটনাস্থল থেকে একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। ফুটেজে কয়েকজন যুবককে আনিসুর রহমানকে ঘিরে মারধর করতে দেখা যায় এবং তারা তাকে ইয়াবা ব্যবসায়ী বলে অভিযোগ তুলছিলেন। তবে ফুটেজে কোনো ধরনের মাদকদ্রব্য দৃশ্যমান হয়নি।
এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে সোমবার রাতেই দক্ষিণখানের কাওলা এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—আমিনুল ইসলাম ইমরান (২৯), পিতা: রফিকুল ইসলাম এবং তাহমিদ ফিরোজ স্মরণ (৩২), পিতা: ইঞ্জিনিয়ার সামছুল আলম।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

