নাশকতার মামলায় আত্মসমর্পণ
কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুল কারাগারে
Dhakanewsbd24 │ নিজস্ব প্রতিবেদক
ঢাকা │ ১৮ আগস্ট ২০২৫
সরকারি কাজে বাধা ও বেআইনি সমাবেশের অভিযোগে দায়ের করা নাশকতার মামলায় আত্মসমর্পণ করেছেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। জামিন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
২০১৭ সালে পল্টন থানায় দায়ের হওয়া এ মামলায় ২০২৩ সালে বাবুলকে দণ্ডবিধির পৃথক দুই ধারায় সাড়ে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।
আজ (সোমবার) সকালে তিনি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবী নিহার হোসেন ফারুকের মাধ্যমে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী জানান, এ আদেশের বিরুদ্ধে তারা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আপিল করবেন। সেখানে ন্যায়বিচার প্রত্যাশা করছেন তিনি।
রায়ের বিস্তারিত অনুযায়ী, ২০২৩ সালের ২৩ নভেম্বর শহিদুল ইসলাম বাবুলকে এক ধারায় আড়াই বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে সাত দিনের কারাদণ্ড) দেওয়া হয়। অন্য ধারায় তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে সাত দিনের কারাদণ্ড) দেওয়া হয়।
—

