আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা গ্রহণ করতে চাই না: শায়খে চরমোনাই
Dhakanewsbd24
৩১অক্টোবর ২০২৬ |
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা গ্রহণ করতে চান না জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) বলেন, ইসলামী আন্দোলন শুধু নেতৃত্বের পরিবর্তন নয়, নীতির পরিবর্তন চায়। আমাদের লক্ষ্য শুধু ক্ষমতা অর্জন নয়; বরং ইসলামের আদর্শ ও শরিয়াহ বাস্তবায়ন।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৯টায় বিএমএ মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ নগর যুব সম্মেলনে এ কথা বলেন তিনি।
শায়খে চরমোনাই বলেন, ভোট বেশি পাওয়া বা কম পাওয়াই সফলতার মাপকাঠি নয়; বরং আদর্শ কতটা বাস্তবায়িত হচ্ছে, সেটিই প্রকৃত সফলতা। আমাদের গড়ে দেওয়া পথের ওপর দাঁড়িয়ে পরবর্তী প্রজন্ম যেন আরও এগিয়ে যেতে পারে, সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
ট্রান্সজেন্ডার আইন বাস্তবায়নের উদ্যোগ দেশের মুসলমানরা মেনে নেবে না জানিয়ে তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি, খুন ও ধর্ষণ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে জনদুর্ভোগ বাড়ছে, এর পরিবর্তন জরুরি। জাপানের সঙ্গে প্রস্তাবিত চুক্তিতে বাংলাদেশের স্বার্থ কতটুকু এবং ভারতের স্বার্থ কতটুকু, তা জাতির সামনে স্পষ্ট করতে হবে।
বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন করে কোনো চুক্তি করা যাবে না বলে হুঁশিয়ারি দেন শায়খে চরমোনাই। মাদ্রাসা শিক্ষাকে পরিকল্পিতভাবে ক্ষতিগ্রস্ত করার যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধেও তিনি সতর্ক করেন। একই সঙ্গে সব অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
ট্রান্সজেন্ডার নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক
ট্রান্সজেন্ডার নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য সমাজবিরোধী: ইসলামী আন্দোলন
নগর সভাপতি মাওলানা অলিউল্লাহ তালুকদারের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুফতি মানসুর আহমদ সাকী, বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব কেএম আতিকুর রহমান, আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন মনোনীত মেয়র পদপ্রার্থী শেখ ফজলুল করীম মারুফ।
সম্মেলনে বিগত সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি শওকত ওসমান, সহ-সভাপতি মোহাম্মদ রায়হান উদ্দিন মিনা এবং সাধারণ সম্পাদক হিসেবে কে এম নাসির উদ্দিনের নাম ঘোষণা করা হয়।

